বন্যার পানিতে ভেসে যাওয়া ব্যাংকের লকার লুট, নেপালে গ্রেফতার ২৯

প্রকৃতির ভয়াবহ রূপ আর প্রলয়ঙ্করী বন্যার মাঝেও মানুষের নৈতিক অবক্ষয়ের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে নেপালে। দেশটিতে বয়ে চলা বিধ্বংসী বন্যার তোড়ে ভেসে গিয়েছিল একটি ব্যাংকের লকার (ভল্ট)। মাইলের পর মাইল পেরিয়ে সেই লকারটি নদীর চরে এসে ঠেকে, আর তা ঘিরেই শুরু হয় এক অভিনব অপরাধের কাহিনী। জলের তোড়ে ভেসে আসা সেই নিরাপদ সিন্দুক ভেঙে ভেতরে থাকা লাখ লাখ টাকা লুটের অভিযোগে শেষ পর্যন্ত ২৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নেপালের রাসুয়া জেলার ভাতেকোশি এলাকা থেকে বন্যার স্রোতে ব্যাংকের লকারটি ভেসে যায়। পরবর্তীতে ধাডিং জেলার গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সিন্দুকটি পাওয়া যায়। স্থানীয় কিছু মানুষ ওই সিন্দুকটি দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে পুলিশের কাছে তথ্য পৌঁছায়। তাৎক্ষণিকভাবে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং তল্লাশি চালিয়ে মোট ২৯ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৯২ লাখ ৬৮ হাজার ৫ শ'র বেশি নেপালি রুপি।
আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের অধিকাংশই গলছি-৪ এর মাসতার এলাকার বাসিন্দা। এছাড়া কিছু মানুষ আদমঘাট, আদমতার এবং চিতওয়ান ও পারসা থেকে এসে ধাডিংয়ে বসবাস করছিলেন। পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থের আসল উৎস এবং এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে।
তবে এখানেই শেষ নয়, বন্যার এই মারাত্মক দুর্গতি ও মানবিক সংকটের মধ্যেও আরও কিছু অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক বন্যার্ত নারীর মরদেহ থেকে কানের সোনার দুল চুরির অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদীর পানিতে ভেসে যাওয়া মৃতদেহ থেকে অভিযুক্তদের দুল খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
এদিকে, নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে বন্যার ভয়াব্যতা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। পরিসংখ্যান সংশোধন করে কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক এই প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৬ জনে। পাশাপাশি, সরকারিভাবে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬২৬ জনে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকদের সংখ্যা ৫১৭ জন হিসেবে অপরিবর্তিত রয়েছে। আকস্মিক এই বন্যায় দেশটির বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দুর্গত এলাকাগুলোতে এখনো পুরোদমে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এনএস