মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযানে বিভিন্ন দেশের ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় বিভিন্ন স্থানে মোট ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্য থেকে ৩৭ হাজার ৩১৩ জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ এবার শুধু অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান সীমাবদ্ধ রাখছে না। যারা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন কিংবা তাদের উপস্থিতি থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন—তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।
সাইফুদ্দিন বলেন, শুধু অবৈধ অভিবাসীদের আটক করলেই হবে না; যারা তাদের নিয়োগ, আশ্রয় ও সুবিধা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে কম খরচে শ্রম পাওয়ার প্রবণতা এই সমস্যাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে।
এদিকে দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা গ্রেফতারের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মালয়শিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে এ ধরনের মামলায় ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেফতার হয়েছিলেন। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে। ২০২৫ সালে গ্রেফতার হন ২ হাজার ২০২ জন। আর ২০২৬ সালের প্রথম নয় মাসেই গ্রেফতারের সংখ্যা ১ হাজার ৮০৯।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন মালয়েশিয়ায় প্রবেশকারী বিদেশিদের বৈধ পথ অবলম্বন করতে এবং অভিবাসন আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অবৈধভাবে প্রবেশ, জালিয়াতি বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন।
তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ এই নির্যাতনের ধারা ভাঙতে থাকবে।’
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসনবিরোধী অভিযান কোনো মৌসুমি কার্যক্রম হবে না। দেশজুড়ে প্রতিদিন অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস
ভোরের আকাশ/এনএস