ইয়েমেনে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনেরও বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া দেখা যায়।
হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানায়, সানার মধ্যাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রও আঘাতের শিকার হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের ধারাবাহিক হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এর আগে শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল—ইসরায়েল লক্ষ্য করে হুতিদের ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র এটাই প্রথম।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট
ভোরের আকাশ//হ.র