পশ্চিমতীরে রাতভর তাণ্ডব, মসজিদে আগুন ও সড়ক অবরোধ

অধিকৃত পশ্চিমতীরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারী (সেটেলাররা)। এ সময় নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দেওয়া হয়। পাশাপাশি মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দও লিখে রাখা হয়।
এদিকে উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দেয় সেটেলাররা। এছাড়া বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি এবং চলাচলরত ফিলিস্তিনিদের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একদল সেটেলার একটি গ্রামের প্রবেশমুখে অবস্থান নিয়ে যানবাহনের চলাচলে বাধা দিচ্ছে। একটি গাড়ি গ্রামে প্রবেশের চেষ্টা করলে সেটিকে ফিরে যেতে বাধ্য করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল গ্রামে অস্ত্র নিয়ে প্রবেশ করে একদল ইসরায়েলি সেটেলার। ওই সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় এক ফিলিস্তিনি একজন সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।
নিহত চার ফিলিস্তিনিকে ইসরায়েল সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তবে ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, তারা নিজ গ্রামে অবস্থান করছিলেন এবং সেটেলারদের হামলা প্রতিরোধের চেষ্টা করছিলেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বর্ণনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/সু.পা