বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৭ ডলার, রেকর্ড ভাঙল পাঁচ মাসের

হুতিদের সৌদি আরবে ক্রমাগত হামলা এবং এর ফলে পুরো পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম অন্তত ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলার ছাড়িয়ে যায়, যা গত মে মাসের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর ফলে পুরো সপ্তাহে তেলের দাম বেড়েছে ৬.২ শতাংশ, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। উল্লেখ্য, গত মে মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম উঠেছিল ব্যারেলপ্রতি ১১১.৩০ ডলার। অন্যদিকে মার্কিন তেলের মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেশি।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া সামরিক সংঘাতের কারণে ওই অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ অবরুদ্ধ হয়ে পড়তে পারে, এমন আশঙ্কাই দাম বাড়ার মূল কারণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বর্তমান দাম যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ইউরোপের শেয়ারবাজারেও। আইরিশ টাইমসের খবরে বলা হয়, শুক্রবার লেনদেনের শুরুতে প্যান-ইউরোপীয় সূচক এসটিওএক্সএক্স ৬০০ কমেছে ০.১৩ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতনের পর সাপ্তাহিক হিসাবেও সূচকটি নিম্নমুখী ধারায় রয়েছে।
তবে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। রুশ সরকারের বরাতে ইন্টারফ্যাক্স জানিয়েছে, দেশটিতে পেট্রোল ও ডিজেলের উৎপাদন বেড়েছে এবং জ্বালানির মজুতও বাড়ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ও ব্রোকারেজ প্রতিষ্ঠান বিওকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে, ইরানের ওপর আরও জোরালো ও তীব্র হামলা হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তেলের দামের ঊর্ধ্বগতিকে উসকে দিচ্ছে। তার মতে, অধিকাংশ ব্যবসায়ী ও প্রতিষ্ঠান ধারণা করছে, বিশ্ববাজারে তেলের দাম আরও দীর্ঘ সময় চড়া থাকবে।
ভোরের আকাশ/এনএস