ভারতের বাঁধ নির্মাণ শেষ হলে ১০টি মিসাইল ছোড়া হবে: পাক সেনাপ্রধান

ভারতের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় তার সফরকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণ শেষ হলে সেটি মিসাইল হামলা করে ধ্বংস করা হবে।
অসীম মুনির বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের পথে এগোই, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেব। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”
তিনি আরও জানান, “আমরা ভারতের বাঁধ নির্মাণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন সেটি সম্পন্ন হবে, তখনই ১০টি মিসাইল মেরে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়।”
এ মন্তব্যের মাধ্যমে তিনি মূলত ভারত-পাকিস্তান অঞ্চলে সম্ভাব্য পারমাণবিক সংঘাতের হুমকি দেন।
পাকিস্তানের সেনাপ্রধান গত দুই মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরে তিনি দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়েছিল। এর আগে এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং ঘোষণা দেয়, সিন্ধুর পানি পাকিস্তানকে আর দেওয়া হবে না।
১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের সহায়তায় হওয়া সিন্ধু নদ চুক্তি অনুযায়ী, নদীর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান।
সূত্র: দ্য প্রিন্ট
ভোরের আকাশ//হ.র