সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে দোকানে চুরি, ভারতীয় দুই নারী আটক

সিঙ্গাপুরের ব্যস্ততম চাঙ্গি বিমানবন্দরের ট্রানজিট এলাকায় একাধিক দোকানে চুরির অভিযোগে ভারতীয় দুই নারীকে আটক করেছে পুলিশ। দেশটির পুলিশ বিভাগ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আটক হওয়া নারীদের বয়স যথাক্রমে ২৯ ও ৩০ বছর। তারা গত ২ জুন বিমানবন্দরের টার্মিনাল ৩-এ ডিপারচার ট্রানজিট এলাকায় চুরির ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, চুরির ঘটনার পর সংশ্লিষ্ট দোকানগুলো কর্তৃপক্ষ বিষয়টি জানালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মাত্র এক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করা হয়। ওই দুই নারী সিঙ্গাপুর ছাড়ার আগেই তাদের আটক করা হয়।
তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পার্স, একটি ব্যাকপ্যাক এবং এক বোতল পারফিউম উদ্ধার করা হয়, যেগুলো দোকান থেকে চুরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই সামগ্রীর মোট মূল্য ৬৩৫ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকার সমান।
এ ঘটনায় আগামী ১০ জুন তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে।
সিঙ্গাপুরের প্রচলিত আইনে চুরির দায়ে দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং চুরি প্রতিরোধে তারা সর্বদা সতর্ক রয়েছে এবং সকল পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ।।হ.র