ইয়েমেনের হুথি ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবে পড়ে যায়। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি।
ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়। হিব্রু গণমাধ্যমে বলা হয়েছে, সৌদি আরবেই এটি ভেঙে পড়েছে। ক্ষেপণাস্ত্রটির কারণে ইসরায়েলে কোনো সতর্কবার্তা বা সাইরেন বাজানো হয়নি।
এই হামলা ইয়েমেনের হুথি নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার জবাবে পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি নিহত হন। আল রাহাওয়ি ইরান-সমর্থিত এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
হুথি সংবাদমাধ্যম আল জুমহুরিয়া চ্যানেল ও আদেন আল গাদ জানিয়েছে, আল রাহাওয়ি তার অ্যাপার্টমেন্টে নিহত হন। এছাড়া, তার সঙ্গে থাকা বেশ কয়েকজন সহযোগীও মারা গেছেন।
এর পাশাপাশি বৃহস্পতিবার ইসরায়েলের পৃথক বিমান হামলায় ১০ জ্যেষ্ঠ হুথি মন্ত্রীর ওপর আঘাত করা হয়। তারা হুথি নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শোনার জন্য রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিল। হামলাটি ওই সমাবেশকে লক্ষ্য করে পরিচালিত হয়।
এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি করেছে, যেখানে হুথি বিদ্রোহী ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত সংঘাতের সূত্রপাত দেখা যাচ্ছে।
ভোরের আকাশ//হ.র