ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় গুদামে আগুন, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে ৮ জন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি বড় গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে ছিল। রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক মাসগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার দীর্ঘদিনের হামলার জবাব হিসেবেই এসব পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।
ইউক্রেন এসব অভিযানকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার কারণে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
এবার ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালিয়েছে। এতে রাতের শিফটে কর্মরত আটজন কর্মী নিহত হন এবং গুদামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম বলেন, “এটি আমাদের প্রতিষ্ঠান ও দেশের জন্য ভয়াবহ একটি রাত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
মস্কোর আকাশে ঘন ধোঁয়া
শনিবার (১৮ জুলাই) সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, ড্রোন হামলায় একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে আগুন ধরে যায়। সেখানে রাতের শিফটে কাজ করা সাতজন কর্মী নিহত হয়েছেন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একটি তেল ডিপো এবং ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামেও হামলা হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চালানো হয়। তামবভ অঞ্চলের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কেউ হতাহত হয়নি। দুই অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মস্কোর দিকে শত শত ড্রোন
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের বেলায় মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ড্রোন পাঠানো হয়েছিল। তিনি আরও জানান, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা