যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে: ফিনল্যান্ড

ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ হলেও রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন। তিনি জানান, কেবল যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যথেষ্ট নয়।
সোমবার হেলসিঙ্কিতে আয়োজিত ‘বার্ষিক রাষ্ট্রদূত দিবস’-এর অনুষ্ঠানে ভাষণ দেন ভালতোনেন। তিনি বলেন, “যুদ্ধ শেষ হলেও (রাশিয়ার ওপর) চাপ অব্যাহত থাকবে। রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি কঠিন শর্তসাপেক্ষ হবে।”
ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইইউ রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়া তৈরি করছে, যা শিগগিরই কার্যকর হবে। পাশাপাশি ফিনল্যান্ডও রাশিয়ার ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, “ইইউ স্থায়ীভাবে নিষেধাজ্ঞার পক্ষে নয়। তবে কঠোর শর্ত পূরণের ভিত্তিতে ধীরে ধীরে এগুলো প্রত্যাহার করা হবে।”
২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষের লাখো মানুষ নিহত হয়েছে।
রুশ আগ্রাসনের জবাবে ইইউ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ, স্বর্ণ, ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে বড় ধরনের সীমাবদ্ধতা আনা হয়। লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনীতি অচল করা। তবে এখনো যুদ্ধ থামেনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দিচ্ছেন। গত ১৫ আগস্ট তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এর তিন দিন পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।
তবে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চাইছেন এবং ইইউ কখনোই এই ‘অবৈধ উচ্চাকাঙ্ক্ষা’ সফল হতে দেবে না।
তিনি আরও জানান, যুদ্ধ পরবর্তী সময়েও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে ফিনল্যান্ড। পাশাপাশি কিয়েভ যদি প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি দমনে অগ্রগতি দেখাতে পারে, তবে ইউক্রেনের ন্যাটো ও ইইউ সদস্যপদের পথ সুগম হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র