ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

ফিনল্যান্ড সরকার যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব আনে, তাহলে তিনি তা অনুমোদনে প্রস্তুত—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট স্টাব লিখেছেন, “শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আনতে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সিদ্ধান্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক প্রবণতাকে আরও জোরদার করেছে। সরকার যদি ফিলিস্তিনকে স্বীকৃতির প্রস্তাব আনে, আমি তা অনুমোদনে প্রস্তুত।”
বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় নতুন মাত্রা যোগ করবে।
ভোরের আকাশ//হ.র