আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

আরব সাগরে ৫ জন ক্রুসহ একটি পাকিস্তানি কার্গো উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমানটি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি বন্দরের দিকে যাচ্ছিল। পাকিস্তানের একটি বেসরকারি বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন কার্গো বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটের দিকে নিখোঁজ হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় বিমানটি আরব সাগরের যে এলাকায় ছিল, সেটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ওরমারা উপকূলীয় এলাকার কাছাকাছি।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৭৯০ কিলোমিটার গতিতে উড়ছিল। তবে নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে মাত্র ৫ মিনিটের মধ্যে এটি প্রায় ৩৪ হাজার ফুট নিচে নেমে আসে এবং এর গতি ঘণ্টায় ২১১ কিলোমিটারে নেমে যায়।
এরপর বিমানটি আবার উচ্চতা বাড়ানোর চেষ্টা করলেও কয়েক মিনিটের মধ্যেই সেটি রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।
বিমানটিতে থাকা ৫ ক্রুর নাম প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। তারা হলেন—পাইলট মুহম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল মেহমুদ, লোডমাস্টার মুহম্মদ তৌফিক, প্রকৌশলী আরিফ সিদ্দিকী এবং মুহম্মদ হামিদ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি উচ্চতা হারানোর সময় পাইলট কোনো ‘মে ডে’ (জরুরি বিপদ সংকেত) বার্তা পাঠাননি।
কার্গো বিমানটির মালিক প্রতিষ্ঠানের সদরদপ্তর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থিত। ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ড সংরক্ষণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই কার্যালয় সিলগালা করেছে।
নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক অভিযান শুরু হয়েছে। আরব সাগরের সম্ভাব্য এলাকায় পাকিস্তান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ পিএনএস জুলফিকার এবং পিএনএস হুনিয়ান অনুসন্ধানে অংশ নিয়েছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর নজরদারি উড়োজাহাজও অভিযানে যুক্ত হয়েছে। সূত্র : জিও নিউজ
ভোরের আকাশ/সু.পা