লুলাকে ‘চোর’ বলায় আর্জেন্টিনা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে আক্রমণ করায় আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ব্রাজিল।
গত রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনি প্রচারণায় অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সেখানেই তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে কটূক্তি করেন। যদিও বক্তব্যে সরাসরি লুলা দা সিলভার নাম উল্লেখ করেননি তিনি।
মিলেইয়ের ওই মন্তব্যের পর ব্রাজিল সরকার কঠোর প্রতিক্রিয়া জানায়। দেশটির পক্ষ থেকে বলা হয়, আর্জেন্টিনার প্রেসিডেন্টের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অসম্মানজনক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলিকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের মধ্যে তার ব্রাজিলে ফেরার কথা রয়েছে।
এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, অন্য কারও চাপ ছাড়াই নিজের দেশের স্বার্থে কাজ চালিয়ে যাবেন।
লুলার অতীত মামলা
লুলা দা সিলভা এর আগে দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন। ২০১৮ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করে দেয়। এর ফলে তিনি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পান।
এর পরের বছর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ক্ষমতায় ফেরেন লুলা। নির্বাচনে তিনি ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছিলেন। মিলেইয়ের সাম্প্রতিক মন্তব্যের পর লাতিন আমেরিকার দুই গুরুত্বপূর্ণ দেশের সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: বিবিসি
ভোরের আকাশ/সু.পা