যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানকে জড়ালে আইনি ব্যবস্থা

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে ৫ জনকে আটকের ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। একই সঙ্গে এই ঘটনায় তেহরানকে জড়ানোর চেষ্টা করা হলে অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লন্ডনে নিযুক্ত ইরানি দূতাবাস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লন্ডনের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে পাঁচজনকে আটকের ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই।
ইরানকে এ ঘটনার সঙ্গে জড়ানোর যে চেষ্টা করা হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের দাবি, কয়েকজন ব্রিটিশ ব্যক্তি ও কিছু সংবাদমাধ্যম ঘটনাটিকে ইরানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তাদের ছড়ানো এসব ভিত্তিহীন তথ্য যুক্তরাজ্যে ইরানবিরোধী প্রচারণাকে আরও উসকে দিতে পারে বলেও অভিযোগ করেছে দূতাবাস।
দূতাবাস আরও বলেছে, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলির আগ্রাসনের পর এমন মনগড়া বক্তব্য ছড়ানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। বরং এ ধরনের প্রচারণা যুক্তরাজ্যে ইরানভীতি আরও বাড়াবে বলে জানিয়েছে তারা।
বিভ্রান্তিকর ও ক্ষতিকর সংবাদ প্রচার করা হলে ইরান ও দেশটির জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র