তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে পুলিশ

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাসায় হঠাৎই পুলিশের প্রবেশে শুরু হয় শোরগোল। সোমবার (২৫ মে) দুপুরের পর পোশাকধারী ও সিভিলে কয়েকজন পুলিশ তার বাসভবনে প্রবেশ করে।
উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, পূর্বের রাজ্য সরকারের সময় নিরাপত্তায় ব্যবহৃত একটি মনিটর নিতে এসেছিল পুলিশ। কিছুক্ষণ মনিটরটি নিয়ে পুলিশের গাড়ি বের হয়ে যায়। ঠিক তার পরেই আরেকটি গাড়ি বেরিয়ে যায়, যা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে নথিভুক্ত।
এদিকে অভিষেকের পুলিশ ঢোকা নিয়ে তৈরি হয় ধ্রমজাল। গত কয়েক দিনে তাঁর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল হয়েছে। ভোটের ফল ঘোষণার দুই দিন পর থেকেই তাঁর ক্যামাক স্ট্রিটের কার্যালয় এবং বাসভবনের অতিরিক্ত নিরাপত্তা ও গার্ডরেল সরিয়ে নেওয়া হয়। এমনকি তাঁর দীর্ঘদিনের ‘জেড প্লাস’ নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গাইডলাইন মেনেই এখন থেকে তাঁর নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। এই ঘটনার মধ্যেই অভিষেকের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছে কলকাতা পৌরসভা। লতা বন্দ্যোপাধ্যায় এবং ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর নামে পাঠানো নোটিসে পুর আইন, ১৯৮০-এর ৪০০(১) ধারার উল্লেখ করা হয়েছে।
হরিশ মুখার্জি রোডের ওই সম্পত্তিটির কর ‘মালিক-অধিকৃত’ হিসেবে দেওয়া হলেও, পৌরসভার দাবি সেখানে অন্য ব্যক্তিরা বসবাস করছেন। এই জট কাটাতে এবং সম্পত্তির নথিপত্র জমা দিতে ১০ দিনের সময় চেয়েছে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’। গেল শুক্রবার এই বিষয়ে প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে অভিষেক পাল্টা প্রশ্ন তুলেছিলেন, ঠিক কোন অংশটি অবৈধ তা যেন নির্দিষ্ট করে জানানো হয়।
পৌরসভার নোটিশ এবং এর পরেই অভিষেকের বাড়িতে পুলিশের এই হানা রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।
ভোরের আকাশ/এম