ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্যেই ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানে সরকার পরিবর্তনের যে চেষ্টা করা হচ্ছে, তাতে দেশটির জনগণের কোনো সমর্থন নেই।
রোববার (৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে এক বার্ষিক সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোনও ‘কালার রেভল্যুশন’ বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনওই সাধারণ মানুষের সমর্থন পাবে না। ইরান এবং সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই সামরিক অভিযান বন্ধের দাবি জানান, যাতে সংঘাত বেড়ে যাওয়া এবং ছড়িয়ে পড়া ঠেকানো যায়।
ওয়াং ই আরও বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এতে কারও কোনও মঙ্গল হবে না। শক্তি দিয়ে কোনও স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।
মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলিক বিষয়গুলো সেখানকার দেশগুলোর নিজেদেরই স্বাধীনভাবে নির্ধারণ করে নেওয়া উচিত। তাদের অভ্যন্তরীন বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। গায়ের জোর থাকলেই যুক্তি সবসময় সঠিক হয় না। বিশ্বকে আমরা জঙ্গলের রাজত্বে ফিরে যেতে দিতে পারি না, সাংবাদিকদের বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিশ্ব শান্তি রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। ওদিকে, গত শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদ তাদের এক গোপন নথিতে দাবি করা হয়েছে যে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসনকাঠামো উপড়ে ফেলা অসম্ভব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তন করে তার পছন্দের কাউকে বসাতে পারবেন বলে যে দাবি করে আসছেন, গোয়েন্দা সংস্থার গোপন নথি সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। নথিতে উল্লেখ করা হয়েছে, এমন অভিযানের পরিণতি হবে অনিশ্চিত।
এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। সেইসঙ্গে ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকলেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ‘অটল ও অবিচল’ থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ভোরের আকাশ/নি