বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবেরের ভারতে ৩০ বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগ

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার মালিকানাধীন ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারট্রাংক।
জানা গেছে, ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি ভারতে প্রায় তিন লাখ কোটি রুপি (প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। এয়ারট্রাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এআই ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশকে কাজে লাগাতেই এই বৃহৎ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ‘ব্ল্যাকস্টোন’ এই প্রকল্পে এয়ারট্রাংককে অর্থায়ন ও সহযোগিতা করছে।
মোদীর সঙ্গে বৈঠক ও বিনিয়োগ পরিকল্পনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর গত শুক্রবার (৫ জুন) আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এয়ারট্রাংক জানিয়েছে, তারা পুরো ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তুলবে।
বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের বৈশ্বিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টি, অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল উন্নয়ন এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
এই মেগা বিনিয়োগের সবচেয়ে বড় অংশ যাবে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে দুই লাখ কোটি রুপি ব্যয়ে তিন গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে এয়ারট্রাংক। সিডনিভিত্তিক এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রকল্পের জন্য জমি কেনার সম্মতিপত্রে স্বাক্ষর করেছে।
রবিন খুদার বক্তব্য
ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, “ভারত এমন কয়েকটি বাজারের একটি, যেখানে ভবিষ্যৎ চাহিদা আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। এখানকার বিশাল জনসংখ্যা, ডিজিটাল রূপান্তর এবং এআই–কেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষার সমন্বয় অন্য কোথাও সহজে পাওয়া যায় না।”
তিনি আরও বলেন, লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণের মাধ্যমে ভারতের বাজারে প্রবেশের আগেই তারা সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার পর সেই বিনিয়োগ প্রতিশ্রুতি আরও বাড়ানো হয়েছে।
এয়ারট্রাংক সম্পর্কে
২০১৫ সালে রবিন খুদা এয়ারট্রাংক প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার কোম্পানিতে পরিণত হয়। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে এয়ারট্রাংকের সিংহভাগ মালিকানা অধিগ্রহণ করে। তবে প্রতিষ্ঠাতা হিসেবে রবিন খুদা এখনো কোম্পানির একটি উল্লেখযোগ্য অংশের মালিক।
বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পাশাপাশি ভারতেও দ্রুত সম্প্রসারণ করছে এয়ারট্রাংক। চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণ করে, যা ভারতের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ মেগাওয়াট ডেটা সেন্টার নির্মাণে কাজ করছে। সূত্র: ফোর্বস
ভোরের আকাশ/সু.পা