কেশম দ্বীপে বিস্ফোরণ, অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংসের দাবি ইরানের

হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার সময় এ বিস্ফোরণ ঘটে।
এর আগে প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে মেহের নিউজ। তারা জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ তখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র অনুযায়ী, এর আগের দিন দ্বীপটির আকাশে কয়েকটি ছোট ড্রোন দেখা যায়। সেগুলো প্রতিহত করতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
কেশম দ্বীপ ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করায় দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর একটি ঘাঁটিও রয়েছে।
এদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক অভিযান চালালে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে। এর মধ্যে খার্গ দ্বীপ-এর নামও উল্লেখ করা হয়, যেখান থেকে ইরান বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে। সূত্র: তাসনিম নিউজ, মেহের নিউজ
ভোরের আকাশ/সু.পা