শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আরও কম্পনের সতর্কতা

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত ২২ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ৪ মিনিটে দেশটির পশ্চিম শিজুওকা প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ নির্ধারণ করেছে, আর যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস০ জানিয়েছে, এর মাত্রা ছিল ৫.৫। বড় ভূমিকম্পের পর এছাড়া ছোটখাটো আফটারশকও অনুভূত হয়েছে।
মধ্যাঞ্চলীয় আইচি প্রিফেকচারের (জেলা) কাছাকাছি একটি বড় এলাকা জুড়ে এ ভূমিকম্পের প্রভাব পড়েছে। এর মধ্যে রয়েছে হামামাতসু শহর, একসময়ের রাজধানী কিয়োটো ও নারা, ফুজি পর্বতের সংলগ্ন ইয়ামানাশি প্রিফেকচার এবং গিফু প্রিফেকচার।
জাপানি বিভিন্ন সংবাদমাধ্যমের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দোকানের কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। একটি বইয়ের দোকানে তাক থেকে বইগুলো পড়ে স্তূপ হয়ে গেছে। আহতদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা ভবন থেকে বেরিয়ে আসার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
রোববার স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎসস্থল বা এপিসেন্টার ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। আইচি ও শিজুওকা একে অপরের প্রতিবেশী জেলা। উভয় জেলা বা প্রিফেকচার টোকিও থেকে বেশ দূরে হওয়ায় সেখানে ভূমিকম্প অনুভূত হয়নি। সরকারি ভূকম্পন মূল্যায়ন অনুযায়ী, আইচি অঞ্চলে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, আগামী সপ্তাহে—বিশেষ করে পরবর্তী দুই-তিন দিনের মধ্যে—আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।
সংস্থাটির কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণকে সতর্কবার্তা দিয়ে বলেন, “দয়া করে ভূমিধস, পাথর পড়ে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট সম্ভাব্য পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকুন।”
তিনি আরও জানান, নানকাই ট্রফ প্লেটে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি; বিজ্ঞানীরা মনে করেন, এই অঞ্চলে ভবিষ্যতে একটি বড় ধরনের ভূমিকম্প (মেগাকুয়েক) আঘাত হানতে পারে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। ভূমিকম্পের ফলে অনেক সময় রেললাইন ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থানের কারণে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান। প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়, তার শতকারা ১৭ ভাগই ঘটে জাপানে।
ঘন ঘন ভূমিকম্পের কারণে জাপানের সরকার সবসময় লোকজনকে বোতলজাত পানি, খাবার ও ব্যাটারি সংগ্রহে রাখতে, টেবিলের নিচে আশ্রয় নেওয়ার পরিকল্পনা প্রস্তুত রাখতে এবং হাঁটার জন্য আরামদায়ক জুতো হাতের কাছে রাখতে পরামর্শ দেয়।
ভোরের আকাশ/আ.র