দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় রোববার (১৫ নভেম্বর) রাতে সংঘটিত পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে প্রিটোরিয়ার পশ্চিমে জেফসভিল এলাকায় একটি চার কক্ষের টিনের ঘরে (শ্যাক) এলোপাতাড়ি গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা হয়। পুলিশের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। তবে হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
একই রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের অদূরে সুইটওয়াটার্সের মাবানে এলাকায় গাড়ির ভেতরে থাকা আটজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়।
একই রাতে সংঘটিত পৃথক এই দুই হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/আ.র