মস্কোতে বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট শুরু

রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট। গত ৭ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
টুর্নামেন্টে আয়োজক রাশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্সের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
আয়োজক প্রতিষ্ঠান রাশিয়ান ড্রোন রেস ফেডারেশনের প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানান, বেসামরিক ড্রোন খাতের উন্নয়নকে এগিয়ে নিতে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২৩ সালে কর্মসূচিটি শুরু হয়।
প্রতিযোগীরা নিজ নিজ ড্রোন নিয়ে নানা ধরণের খেলা ও কৌশল প্রদর্শন করবেন। বিজয়ী প্রতিযোগী পাবেন ৫০ লাখ রুবল (প্রায় ৬৩ হাজার ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।
রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটি-কে ইলিয়া গালায়েভ বলেন, “বেসামরিক ইউএভি ড্রোন প্রযুক্তির বর্তমান অগ্রগতি সরাসরি দেখার সুযোগ দিচ্ছে এই টুর্নামেন্ট। পাশাপাশি এটি দেশের ড্রোন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উল্লেখ্য, বেসামরিক ড্রোন নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার নির্দেশে ২০২৩ সালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ড্রোন তৈরি ও পরিচালনা বিষয়ে বিশেষ কোর্স চালু করা হয় এবং চলতি বছরের মে মাসে স্কুল পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র : আরটি
ভোরের আকাশ//হ.র