মিশরের কাছে ৪.৭ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মিশরের কাছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্ভাব্য অস্ত্রচুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA) এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে।
চুক্তির আওতায় মিশর পাবে ‘NASAMS’ (National Advanced Surface-to-Air Missile System) নামের একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম।
বিক্রয়ের প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ৪টি AN/MPQ-64 Sentinel রাডার, শত শত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, গাইডেন্স সিস্টেম, লজিস্টিক সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ। এসব সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান RTX Corporation।
চুক্তিটি কার্যকর হলে প্রায় ২৬ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ৩৪ জন বেসরকারি ঠিকাদার মিশরে গিয়ে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবেন।
এদিকে, এই চুক্তিকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপটও সামনে এসেছে। সম্প্রতি মিশর চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। চলতি বছরের এপ্রিলে দেশ দুটির মধ্যে ‘Eagles of Civilization 2025’ নামে প্রথম যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হয়। মিশর বলছে, এটি চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর অংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্র-মিশর এই অস্ত্র বিক্রয় চুক্তিটি মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কংগ্রেস যদি কোনো আপত্তি না তোলে, তাহলে এটি চূড়ান্ত অনুমোদন পাবে।
তথ্যসূত্র: আলজাজিরা
ভোরের আকাশ//হ.র