পাঁচ বছরে ২২৫টি নতুন তেল-গ্যাস ক্ষেত্র আবিষ্কারের দাবি চীনের

নিজেদের ভূখণ্ডে ২২৫টিরও বেশি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, গত পাঁচ বছরে এসব ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে, যা বর্তমান জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে ১৩টি তেলক্ষেত্রে ১০০ মিলিয়ন টনের বেশি মজুত রয়েছে। পাশাপাশি ২৬টি গ্যাসক্ষেত্রে ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস মজুত আছে।
তবে এই সম্পদের কতটা তাৎক্ষণিকভাবে উত্তোলনযোগ্য, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মজুত যুক্ত হওয়ায় ভবিষ্যতে দেশটির প্রাকৃতিক গ্যাস উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
গত এক দশকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত প্রায় দ্বিগুণ করতে ৪৫০ বিলিয়ন ইউয়ানের বেশি (প্রায় ৬৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে চীন।
এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে, যখন হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল পরিবহন বিঘ্নিত হচ্ছে। বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে চীন দীর্ঘদিন ধরেই জ্বালানিতে স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বৈশ্বিক অস্থিরতার প্রভাব মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
ভোরের আকাশ/সু.পা