মাদক পাচার সন্দেহে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা

পূর্ব প্রশান্ত মহাসাগরে (ইস্টার্ন প্যাসিফিক) মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে একজন নিহত এবং দুজন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম)।
সাউথকমের এক বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স “সাউদার্ন স্পিয়ার” এই অভিযান পরিচালনা করে। খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বিবৃতিতে আরও দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল এবং এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এ সময় মার্কিন সামরিক বাহিনী অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করে।
সাউথকম জানায়, অভিযানে একজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং নৌযানে থাকা আরও দুজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করা হয়েছে।
নৌযানটির জাতীয়তা, অবস্থান বা হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে আরও তদন্ত ও তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ভোরের আকাশ/সু.পা