পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে হামলায় নিহত ২৪, আহত ৫০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
প্রাদেশিক রাজধানী কোয়েটায় ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সেনাসদস্যরাও রয়েছেন। এতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।
ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, একটি দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে এবং লোকজন ধ্বংসস্তূপের ওপর দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। লাইনচ্যুত একটি বগি থেকে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়। এ সময় সশস্ত্র নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাহারা দিচ্ছিল।
ওই কর্মকর্তা জানান, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের দিকে যাচ্ছিল। ট্রেনটি কোয়েটার চামান পট্টি এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি একটি বগিকে ধাক্কা দিলে বড় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ট্রেনের জানালাগুলো ভেঙে যায় এবং আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আরেক কর্মকর্তা এএফপিকে জানান, ট্রেনে থাকা সেনাসদস্যরা ঈদের ছুটি উদযাপনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং আয়তনে বৃহত্তম প্রদেশ। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকে এটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।
ভোরের আকাশ/সু.পা