ডিজেলের মজুত ছাড়তে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইউরোপের দেশগুলোকে (বিশেষ করে ফ্রান্স ও জার্মানি) তাদের জরুরি কৌশলগত মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য কড়া চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র. নির্দিষ্ট সময়ের মধ্যে এই মজুত না ছাড়লে ইউরোপে ডিজেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ বা একতরফা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। দেশটিতে প্রতি গ্যালন ডিজেল ছয় দশমিক ৩৯ ডলারে বিক্রি হচ্ছে, যা লিটারপ্রতি প্রায় দেড় ডলার। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ পণ্যের দামও হু হু করে বাড়ছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
আসন্ন নভেম্বরের মিডটার্ম নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জার্মানির এডিএসি মোটরিং ক্লাবের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ডিজেলের দাম প্রতি গ্যালন ১০ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
ভোরের আকাশ/আ.র