জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

চীন তাদের দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল) রপ্তানি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যার ফলে বাংলাদেশসহ গোটা এশিয়ায় তীব্র সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে. হংকং ও ম্যাকাও ছাড়া বিশ্বের অন্য সব অঞ্চলের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক সংকটের কারণে নিজেদের অভ্যন্তরীণ বাজারের নিরাপত্তা ও মজুত নিশ্চিত করতেই বেইজিং এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে, যারা জ্বালানির জন্য বড় অংশে চীনের ওপর ভরসা করে থাকে।
এর আগেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও নানা সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছিল। গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চীনের ভেতরের বাজারে জ্বালানি কমে যাওয়ায় বেইজিং আবার এই কড়াকড়ি আরোপ করল।
বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরের মজুত পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এই নিষেধাজ্ঞা তুলে নেবে না।
চীনের এই আকস্মিক পদক্ষেপে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে, তার ওপর চীনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভোরের আকাশ/আ.র