মমতাকে ‘সময় শেষ’ বলে অমিত শাহের কটাক্ষ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রচারণার শেষ দিনে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। কুলটি বিধানসভা কেন্দ্রের এক জনসভা থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেন।
সভা থেকে তিনি বলেন, “মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়”—এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় ওঠে।
ভাষণের শুরুতেই অমিত শাহ স্পষ্ট করেন, এই নির্বাচন শুধু বিধায়ক বা সরকার গঠনের লড়াই নয়, বরং রাজ্যে পরিবর্তনের এক বড় সুযোগ। তার দাবি, এই ভোট পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ, দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থার হাত থেকে মুক্ত করার লড়াই।
জনসভায় তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপি ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া রাজ্যের সিন্ডিকেট রাজ নিয়েও তীব্র সমালোচনা করেন অমিত শাহ। তার অভিযোগ, সাধারণ মানুষের জীবনে সিন্ডিকেট চক্রের প্রভাব বাড়ছে এবং প্রশাসন এতে কার্যকর ভূমিকা নিচ্ছে না। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট ব্যবস্থার অবসান ঘটানো হবে এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা হবে।
ভাষণের শেষদিকে তিনি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, তার সময় শেষ হয়ে আসছে। এই মন্তব্যকে কেন্দ্র করে সভায় উপস্থিত বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগমুহূর্তে অমিত শাহের এই বক্তব্য বিজেপির আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক প্রচারণার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোট অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
ভোরের আকাশ/সু.পা