যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের বড় ধাক্কা, গুনতে হলো ৫৬ লাখ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় জয়ী লেখিকা ই. জিন ক্যারল আদালতের রায় অনুযায়ী সুদসহ ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ পেয়েছেন।
সোমবার (১৩ জুলাই) জুরির নির্ধারিত ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের সঙ্গে জমা হওয়া সুদের অর্থ যোগ করে পুরো অর্থ ই. জিন ক্যারলের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন তার প্রধান আইনজীবী রবার্টা কাপলান।
বিবৃতিতে বলা হয়, ক্যারল ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ বুঝে পেয়েছেন। অর্থ পাওয়ার পর ৮২ বছর বয়সী এই লেখিকা রসিকতার ছলে লেখেন, ‘দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড’, যা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের রায়ের পর থেকেই ক্ষতিপূরণের অর্থ একটি বিশেষ এসক্রো অ্যাকাউন্টে সংরক্ষিত ছিল। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেওয়ানি মামলার রায় বহাল রাখার পর ফেডারেল বিচারক লুইস এ. কাপলান অর্থ ছাড়ের অনুমতি দেন। ট্রাম্পের আইনজীবীরা অর্থ প্রদান স্থগিত রাখতে জরুরি আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।
তবে ট্রাম্পের আইনি দল জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চালিয়ে যাবে। অন্যদিকে ক্যারলের আইনজীবীরা জানিয়েছেন, পাওয়া অর্থ তিনি অবসরকালীন সঞ্চয় তহবিলে রাখার পরিকল্পনা করছেন।
মামলার তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেন ক্যারল। ২০১৯ সালে নিজের স্মৃতিকথায় বিষয়টি প্রকাশ করলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করেন এবং ক্যারলকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এরপর তিনি আদালতে মামলা করেন।
নিউইয়র্কের আইন পরিবর্তনের সুযোগে পুরোনো অভিযোগে মামলা করার সুযোগ পান ক্যারল। ২০২৩ সালের বিচারে জুরি ট্রাম্পকে দায়ী সাব্যস্ত করে ক্ষতিপূরণের নির্দেশ দেয়। এছাড়া ২০২৪ সালের আরেকটি পৃথক মানহানি মামলায় ক্যারলের পক্ষে দেওয়া ৮ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধেও ট্রাম্পের আপিল এখনও বিচারাধীন।
ভোরের আকাশ/এনএ