হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তান

নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) জানায়, নতুন মিসাইল পরীক্ষাটি তার লক্ষ্য অর্জন করেছে। পাকিস্তান সামরিক ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়, আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা সেটিরই প্রতিচ্ছবি।
সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনী প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং মিসাইল সিস্টেম উন্নত করতে চায়। এ পরীক্ষাটি তার অংশ।
ফাতাহ-২ ইআর নামে এ ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত নির্ভুলতার সঙ্গে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে। এছাড়া মাঝ আকাশে মিসাইলটি নিজের গতিপথ বদলানোর সক্ষমতা ও বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে এটি শত্রুর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
এ মিসাইলটির বাড়তি রেঞ্জ শত্রুদের দূর ও গভীর স্থাপনায় হামলা চালাতে পারবে।
এরআগে গত সপ্তাহে নিজেদের প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৬ স্থল থেকে ছোড়া ক্রজ মিসাইলের পরীক্ষা চালায় পাকিস্তান। সেটিও সফল হয়েছিল বলে তখন জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।
বর্তমান বিশ্বে যুদ্ধক্ষেত্রে মিসাইল শক্তির অন্যতম প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। যার মিসাইল সক্ষমতা বেশি সেই দেশই প্রতিপক্ষকে হামলা থেকে দূরে রাখতে পারে।
ইউক্রেন-রাশিয়া, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ড্রোনের পাশাপাশি ব্যাপক মিসাইল ব্যবহার করা হয়েছে। এরমধ্যে ইরান নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নির্ভুল হামলা চালিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: দ্য ডন
ভোরের আকাশ/এনএস