মার্কিন স্থল অভিযান শুরু হওয়ার আগেই ঠেকিয়ে দেওয়া হবে: ইরান

ইরানে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রুপক্ষ স্থল অভিযান চালানোর চেষ্টা করলে তা শুরু হওয়ার আগেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর উপনির্বাহী সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ। বুধবার (১২ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুর যে কোনো স্থল অভিযান শুরু হওয়ার আগেই গুঁড়িয়ে দেওয়া হবে।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
শেখ বলেন, ওয়াশিংটনের সামরিক বক্তব্যে সাম্প্রতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। আধুনিক যুদ্ধের জটিল পরিস্থিতিতে ইরানের কৌশলী অবস্থান যুক্তরাষ্ট্রকে বারবার তাদের রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য করেছে।
তিনি বলেন, আধুনিক যুদ্ধে শুধু সামরিক সরঞ্জাম বা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সাফল্যের নির্ধারক নয়; বরং প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে নতুন চিন্তা ও কৌশলের সমন্বয়ই যুদ্ধক্ষেত্রে সাফল্যের মূল বিষয়।
ইরানের নিজস্ব সামরিক প্রযুক্তির প্রশংসা করে শেখ বিশেষভাবে ‘আরাশ’ ড্রোনের কথা উল্লেখ করেন। তিনি এটিকে প্রতিপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেন।
ইরানি এই কমান্ডারের দাবি, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি এখনো অক্ষত এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
পশ্চিমাঞ্চলীয় ইরানে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের বিষয়েও কথা বলেন তিনি। শেখের দাবি, জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে এমন তৎপরতা আগেই শনাক্ত করে প্রতিরোধ করা হচ্ছে।
তিনি বলেন, ইরানের সামরিক শক্তিই দেশটির কূটনীতির অন্যতম ভিত্তি। সামরিক সক্ষমতা ও প্রতিরোধের শক্তির কারণে ইরান আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে সক্ষম হয়েছে।
সূত্র : আইআরএনএ
ভোরের আকাশ/এনএস