ইরানি তেল আমদানির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় ৪ ভারতীয় কোম্পানি

ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারতের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতীয় কোম্পানিগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানি ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রির পাশাপাশি ইরানে তেল রপ্তানিতে সহযোগিতার মতো বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনী এবং জ্বালানি খাতের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভারতের চার কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে চুক্তিতে আসার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট সুযোগ ও ছাড় দেওয়া হয়েছিল। তবে দেশটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে তিনি ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা করছেন। তাঁর দাবি, এই অভিযানের ফলে ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে নজিরবিহীন মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।
একই পোস্টে ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, অভিযান চলাকালে কোনো দেশ তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, বিমানবন্দর বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা করলে ওই দেশকেও গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।
তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সূত্র : এএনআই
ভোরের আকাশ/সু.পা