রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার (২৬ অক্টোবর) রাতেই রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সফরকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে যোগ দেবেন পেজেশকিয়ান। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এক দিনের সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেজেশকিয়ান। এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশের নেতাদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, চলতি সপ্তাহে মস্কোয় পেজেশকিয়ান ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, গত ১৯ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তেহরান সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আসন্ন বৈঠকে সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
এদিকে সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রেসিডেন্টের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে অংশ নেওয়াই এ সফরের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হবে।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম (জিইসিএফ) একটি আন্তঃসরকারি সংস্থা। ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ বিশ্বের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কয়েকটি দেশ এর সদস্য।
ভোরের আকাশ/আ.র