ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাইজ নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন সংঘাতে জড়িত দুই পক্ষের সামরিক সূত্র।
হুতিরা শহরটির সব বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র তাইজের নিয়ন্ত্রণ নিতে পারলে ইরান-সমর্থিত গোষ্ঠীটি কৌশলগত অবস্থান পাবে। সেখান থেকে আরও দক্ষিণে ইয়েমেনের কার্যত সরকারের রাজধানী এডেনের ওপর হুমকি সৃষ্টি করতে পারবে তারা।
সামরিক সূত্রগুলোর তথ্যমতে, গত এক দিনের সংঘর্ষে সরকারপন্থি বাহিনীর অন্তত ২২ সদস্য এবং হুতি যোদ্ধাদের ৪০ জন নিহত হয়েছেন। হুতিদের পক্ষের সূত্র এএফপিকে জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে।
রোববার তাইজে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের সতর্কতা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রায় শেষ হয়ে আসছে।
তাইজ শহরটি লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দেব প্রণালি থেকে অভ্যন্তরীণ এলাকায় অবস্থিত। গত মাসে দ্রুতগতির সামরিক অভিযানে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে হুতিরা।
ভোরের আকাশ/আ.র