যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিভাজনমূলক পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই ঐক্যের ডাক দেন।
তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, নিরাপত্তা ও পারস্পরিক উন্নয়ন জোরদার করতে ইরান সবসময় প্রস্তুত রয়েছে।
বৈঠকে গাজা, লেবানন ও খোদ ইরানে ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।
ইরান কোনো পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে না উল্লেখ করে পেজেশকিয়ান জানান, পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার তাদের রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একদিকে কূটনীতির কথা বলে আবার অন্যদিকে ইরান ও এর পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো যুক্তরাষ্ট্রের এক ধরনের সাংঘর্ষিক ও দ্বিমুখী নীতি।
ভোরের আকাশ/আ.র