ইরান চলতি বছরে ২০ আফগানকে মৃত্যুদণ্ড দিয়েছে

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে এসব দণ্ড কার্যকর করা হয়। শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রতি মাসেই ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।
মৃত্যুদণ্ডের এসব মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের দাবি, অভিযুক্তদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত ছিল এবং বিচারপ্রক্রিয়াতেও স্বচ্ছতার অভাব ছিল। এমনকি দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও মামলা বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানতে দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইসফাহানের দাস্তগার্দ কারাগারে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে।
ইসফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল।
এ ছাড়া আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। ফলে ঠিক কতজন আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা নিরূপণ করা কঠিন। এর আগে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। সূত্র: খামা প্রেস
ভোরের আকাশ/সু.পা