প্রেসিডেন্ট হ্লেইং সু চির কারাদণ্ড কমালেন

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লেইং এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
সু চির আইনজীবীর বরাতে জানা গেছে, বিভিন্ন দুর্নীতি মামলায় ৮০ বছর বয়সী এই নেত্রীকে মোট ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেখান থেকে এক-ষষ্ঠাংশ, অর্থাৎ প্রায় সাড়ে চার বছর কমানো হয়েছে।
২০২০ সালের নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লেইং, যিনি পরে সামরিক সরকারের প্রধান হন।
অভ্যুত্থানের পরপরই সু চি ও তার দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রীরাও ছিলেন। সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে রাজধানী নেইপিদোর সামরিক আদালতে বিচার চালানো হয় এবং সব মামলার সম্মিলিত রায়ে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অং হ্লেইং। গত ১০ এপ্রিল তিনি শপথ গ্রহণ করেন।
এদিকে, সু চির সাজা কমানোর পাশাপাশি সরকার আরও ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে এনএলডি নেতা ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও রয়েছেন। সামনে দেশটির ঐতিহ্যবাহী থিনগিয়ান উৎসব, যার আগে বন্দিদের মুক্তি দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে।
ভোরের আকাশ/সু.পা