যুক্তরাষ্ট্রে ডালাসের ক্যারলটনে গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ডালাসের উত্তরের উপশহর ক্যারলটনে পরপর দুই দফা গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক আর্থিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার কিছু আগে ক্যারলটনের কোরিয়ান টাউন এলাকায় একটি শপিং সেন্টারে প্রথম গুলির ঘটনা ঘটে। সেখানে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই প্রায় চার মাইল দূরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আরেকটি গুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৬৯ বছর বয়সী সিউং হো হান নামের এক ব্যক্তি এই দুই হামলার সঙ্গে জড়িত। অল্প সময়ের মধ্যেই তাকে একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হামলার দায় স্বীকার করেছেন এবং জানিয়েছেন, ব্যবসায়িক আর্থিক বিরোধের কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন।
ক্যারলটন পুলিশের প্রধান রবার্তো আরেডোন্ডো বলেন, এটি কোনো এলোমেলো হামলা নয়; নিহতদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় ছিল। তিনি আরও জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পর পুরো এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি দেখা যায়। তদন্তে সহায়তা করতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
উল্লেখ্য, প্রায় ১ লাখ ৩০ হাজার জনসংখ্যার ক্যারলটন শহরে উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। স্থানীয় কোরিয়ান-আমেরিকান সম্প্রদায়ের সদস্য জন জুন জানান, এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, সাধারণত এই সম্প্রদায় শান্তিপূর্ণ ও পরিশ্রমী হিসেবে পরিচিত, এবং গত দুই দশকে কোরিয়ান বিনিয়োগের কারণে এলাকাটি একটি সমৃদ্ধ কোরিয়ান টাউনে পরিণত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা