ট্রাম্পের সঙ্গে বিরোধে ফোন নম্বর বদলালেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। এবার সেই বিরোধের জেরে নিজের ফোন নম্বরই বদলে ফেলেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এমনটাই দাবি করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন।
একসময় ট্রাম্প ও মাস্কের মধ্যে সুসম্পর্ক ছিল আলোচনার বিষয়। তবে সাম্প্রতিক সময়ে ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে দুইজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় উত্থাপিত এই বিলটিতে ধনীদের জন্য করছাড় রাখা হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা খাতে বড় ধরনের বাজেট ছাঁটাই করা হয়। শুরু থেকেই বিলটির বিরোধিতা করে আসছিলেন মাস্ক।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই বিল নিয়ে চলমান বিরোধের সময় মাস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন স্পিকার মাইক জনসন। তবে তিনি পরে বুঝতে পারেন, মাস্ক তার পুরোনো ফোন নম্বরটি পরিবর্তন করেছেন।
স্পিকার বলেন, “আমি বিল নিয়ে মাস্ককে একটি টেক্সট পাঠাতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারি, তিনি আর সেই নম্বরে নেই। এটা স্পষ্ট যে, তিনি ইচ্ছাকৃতভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন।”
বিলে ট্রাম্পের স্বাক্ষরের পরপরই ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ‘নিউ আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এরপর থেকেই তাদের সম্পর্ক আরও খারাপের দিকে যায়। বিশ্লেষকদের মতে, মাস্কের ফোন নম্বর বদলে ফেলা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি মার্কিন রাজনীতিতে তার অবস্থান ও ট্রাম্পবিরোধী মনোভাবেরই প্রতিফলন।
বিশ্ব রাজনীতিতে প্রযুক্তি ও পুঁজির প্রভাব যখন দিন দিন বাড়ছে, তখন ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব যে আগামী দিনে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
ভোরের আকাশ//হ.র