ফ্রান্সে বিক্ষোভ প্রশমনে ‘কঠোর পদক্ষেপের’ ঘোষণা মাখোঁর

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতের সংস্কার ও স্কুল ফান্ডের দাবিতে চলমান তীব্র বিক্ষোভ ও সহিংসতা প্রশমনে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অত্যন্ত ‘কঠোর পদক্ষেপ’ ও সুনির্দিষ্ট প্যাকেজ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দেশটির মার্সেই শহর পরিদর্শনের সময় সাংবাদিকদের মাখোঁ জানান, চলমান অসন্তোষ ও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বিক্ষোভকারীদের সাথে আলোচনার পর সরকারের পক্ষ থেকে খুব দ্রুত কিছু সুনির্দিষ্ট ও কঠোর সিদ্ধান্ত ঘোষণা করবেন।
এদিকে, শিক্ষাক্ষেত্রে আরও অর্থ বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। বৈঠক শেষে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বর্তমান পদ্ধতিতে বৈষম্য রয়েছে। এ কারণে তারা ভর্তি প্রক্রিয়ায় সংস্কার এবং শিক্ষা খাতে অতিরিক্ত সম্পদ বরাদ্দের দাবি জানিয়ে আসছেন।
সোমবার মার্সেই শহরে সাম্প্রতিক বিক্ষোভে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘এই সামাজিক আন্দোলনের মূলে থাকা ন্যায্য দাবিগুলোর জবাব দিতে আমি সরকারকে নির্দেশ দিয়েছি।’
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজও আগামী সপ্তাহান্তে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছিলেন। মাখোঁ একই আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করেছেন। ফ্রান্সে চলমান বিক্ষোভের পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষ কাজ করছে।
ভোরের আকাশ/আ.র