কাতারের মধ্যস্থতায় ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-মার্কিন সামরিক সংঘাতের ৮ মাস পেরিয়ে গেলেও কোনো স্পষ্ট যুদ্ধবিরতি চুক্তি বা কূটনৈতিক সাফল্য আসেনি। সম্প্রতি কাতারের দেওয়া একটি নতুন শান্তি প্রস্তাব মার্কিন প্রশাসন পরীক্ষা-নিরীক্ষা করলেও ওয়াশিংটন জানিয়েছে, তারা সংকট সমাধানের কাছাকাছি এখনও পৌঁছাতে পারেনি।
কাতারের দেওয়া প্রস্তাব অনুযায়ী, ইরান মূলত কিছু কঠোর শর্তে যুদ্ধবিরতিতে রাজি হতে চায়। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে- মার্কিন নিষেধাজ্ঞা তোলা, অঞ্চলে মার্কিন সেনা কমানো, বিদেশে আটকে থাকা তাদের বিপুল অর্থ ফেরত দেওয়া এবং ইসরাইলের হামলা পুরোপুরি বন্ধ করা। এটি মেনে নেওয়া হলে তেহরান বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানের এসব শর্তকে পুরোপুরি ‘অবাস্তব ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে আলোচনার মাঝেই দুপক্ষ থেকে কড়া সামরিক বার্তা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ ৩৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জবাবে ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনীর প্রধানেরা সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি আর একটি ভুল পদক্ষেপও নেয়, তবে তাদের ওপর 'জাহান্নামের আগুন বর্ষণ' করা হবে এবং এমন বিধ্বংসী জবাব দেওয়া হবে যা ওয়াশিংটন কল্পনাও করতে পারবে না।
ভোরের আকাশ/আ.র