রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

রাশিয়ার আমুর অঞ্চলের তুনদা এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিমানটিকে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া খবর পাওয়া যায়। সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইনস আনগারার এএন-২৪ উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তুনদার দিকে যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এছাড়া ক্রু হিসেবে ছয়জন ছিলেন। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে মোট ৪০ জনের মতো আরোহী ছিল।
রুশ জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ তুনদা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ কর্মকর্তারা জানান, রোসাভিয়াতসিয়ার একটি মিগ-৮ হেলিকপ্টার বিমানটির ফিউজালাজ (মূল কাঠামো) খুঁজে পায়, যা আগুনে জ্বলছিল।
তল্লাশি ও উদ্ধার অভিযান দ্রুততম সময়ে চালানো হচ্ছে।
ভোরের আকাশ//হ.র