ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হুতিদের ড্রোন হামলা

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে বুধবার (৩০ জুলাই) দাবি করেছে গোষ্ঠীটি।
হুতিদের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এসব অভিযানে পূর্ণ সফলতা এসেছে এবং গাজায় আগ্রাসন ও অবরোধ চলতে থাকলে এমন হামলা অব্যাহত থাকবে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করতে পেরেছে।
এর আগে হুতি গোষ্ঠী জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের নতুন ধাপে প্রবেশ করেছে। এই পর্বে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে বলে ঘোষণা দেয় তারা।
সূত্র: শাফাক নিউজ, সানা
ভোরের আকাশ//হ.র