ইরানে হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক সমাধানের জন্য আরও দুই সপ্তাহ সময় নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট।
আল-জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ল্যাভিট জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ল্যাভিট বলেন, “অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, তবে তা না হওয়ার আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনা করেই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন।”
তিনি জানান, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইসরায়েল-ইরান সংকটের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে নিয়মিত ব্রিফিং পাচ্ছেন। তবে এ পর্যন্ত ট্রাম্প কেবল একটি গোয়েন্দা ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
ট্রাম্পের অবস্থান তুলে ধরে ল্যাভিট আরও বলেন, “প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেন। তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও তিনি পিছপা হবেন না।”
এছাড়া ইরানের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা আবশ্যক বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের মুখপাত্র। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আগেও বলেছেন এবং এখনও সেই অবস্থানে অটল—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।”
ভোরের আকাশ//হ. র