শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ভারতের পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে কোনো নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন কি না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি আবাসিক এলাকা থেকে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) হামিদ মণ্ডল নামে ওই ব্যক্তিকে আটক করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছেন, তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে নজরদারি চালাচ্ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে।
তদন্তকারীদের আরও দাবি, হামিদ মণ্ডলের সঙ্গে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের যোগাযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলওয়ামা হামলার যোগসূত্রের অভিযোগ
তদন্ত সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, ধৃত ব্যক্তির সঙ্গে ২০১৯ সালের পুলওয়ামা হামলার ঘটনায় অভিযুক্তদের কারও যোগাযোগ ছিল কি না, তা নিয়েও অনুসন্ধান চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ বহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান নিহত হন। ওই হামলার দায় জইশ-ই-মোহাম্মদ নিয়েছিল।
আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে
গ্রেপ্তারের পর শুক্রবার হামিদ মণ্ডলকে বর্ধমান আদালতে তোলা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে।
ভোরের আকাশ/এনএ