গ্রিসে ‘পবিত্র পর্বত’ মাউন্ট আথোসে ৫.৩ মাত্রার ভূমিকম্প

গ্রিসের উত্তরাঞ্চলে অবস্থিত ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকা মাউন্ট আথোসে শনিবার ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুরে আঘাত হানে বলে জানিয়েছে এথেন্সের ইনস্টিটিউট অব জিওডায়নামিকস।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রতলে, যার গভীরতা ছিল মাত্র ১২.৫ কিলোমিটার। এটি মাউন্ট আথোসের প্রশাসনিক রাজধানী কারিয়েসের উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে।
ঘটনার পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির অনুসন্ধানে চারটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কারিয়েসের একজন স্থানীয় কর্মকর্তা।
প্রসঙ্গত, মাউন্ট আথোস—যা 'পবিত্র পর্বত' নামে পরিচিত—গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানদের একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ১০৫৪ সাল থেকে স্বায়ত্তশাসিত মর্যাদায় পরিচালিত হয়ে আসছে। বাইজেন্টাইন যুগের সময় থেকে এখানে শত শত বছরের পুরনো প্রায় ২০টি বাসযোগ্য মঠ রয়েছে।
এ ধরনের ভূমিকম্প মাউন্ট আথোসের ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাচীন মঠগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ।।হ.র