জুনে ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহতের দাবি রাশিয়ার

সদ্য শেষ হওয়া জুন মাসে ইউক্রেনীয় বাহিনীর ৩৮ হাজার ৩২৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। পূর্ববর্তী মে মাসের তুলনায় জুনে নিহত সেনার সংখ্যা ৭ হাজার ১৮০ জন বেশি বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে গত ১ জুলাই একটি পডকাস্ট শোতে এ তথ্য তুলে ধরেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রিয়ে মারোশ্কো।
তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর এই বিপুল ক্ষয়ক্ষতির প্রধান কারণ হলো দুর্বল সামরিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষ না হতেই সেনাদের দ্রুত যুদ্ধক্ষেত্রে মোতায়েন। অনেক ক্ষেত্রে নিয়োগের এক সপ্তাহের মধ্যেই নতুন সেনাদের ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
মারোশ্কো আরও বলেন, রুশ বাহিনীর ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় চাপ তৈরি করছে। তার ভাষায়, “শত্রুপক্ষও স্বীকার করছে যে ড্রোন হামলায় আমাদের সাফল্য অত্যন্ত বেশি।”
পডকাস্টে তিনি দাবি করেন, জুন মাসে ইউক্রেনীয় বাহিনী ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাঙ্ক, ৯টি মাল্টিপল রকেট লঞ্চার, ২৭০টি ফিল্ড আর্টিলারি অস্ত্র, ১৫৫টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও রাডার এবং প্রায় ২ হাজার ৪০০টি সামরিক যান হারিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের অবস্থান এবং ন্যাটো ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই সংঘাত শুরু হয় বলে দাবি করে আসছে মস্কো। সূত্র : তাস
ভোরের আকাশ/সু.পা