আলোচনার চেয়ে নিষেধাজ্ঞা মোকাবিলায় বেশি গুরুত্ব দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রসহ শত্রু দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানোকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইরান। আপাতত আলোচনার চেয়ে নিষেধাজ্ঞা ও চাপের মাধ্যমে ইরানকে নতিস্বীকার করানোর প্রচেষ্টা ব্যর্থ করাই তেহরানের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে তাকে উদ্ধৃত করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ হলো, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে শত্রুরা যেন তাদের লক্ষ্য অর্জনের আশা হারিয়ে ফেলে, তা নিশ্চিত করা।
আরাগচি বলেন, ‘হ্যাঁ, আলোচনা আমাদের কাজের একটি অংশ এবং আমরা সেই দায়িত্ব ভুলে যাইনি। আমরা আলোচনা চালিয়ে যাব। তবে বর্তমান পরিস্থিতিতে আরও গুরুত্বপূর্ণ কাজ হলো, নিষেধাজ্ঞা ও আমাদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে শত্রুরা যেন কোনো আশা দেখতে না পায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান মনোযোগ দেশের সহনশীলতা বাড়ানো এবং আরোপিত চাপ ও নিষেধাজ্ঞা মোকাবিলায় দেশকে সক্ষম করে তোলার দিকে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবিলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান।
সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এনএস