ভারতে ক্যান্সারের ওষুধের দাম কমছে ৭০ শতাংশ পর্যন্ত

ক্যান্সারের চিকিৎসা আরও সাশ্রয়ী করতে ১৩৭টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন এ সিদ্ধান্তের ফলে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না ব্যবসায়ীরা।
দাম কমানোর তালিকায় রয়েছে ২০টিরও বেশি ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এ ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যান্সারের ওষুধের দাম নিয়ন্ত্রণে এনেছিল ভারত সরকার। ওই উদ্যোগের ফলে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের উদ্যোগের ধারাবাহিকতায় এবার আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। ক্যান্সারের চিকিৎসার ব্যয় কমানো এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ আরও সহজলভ্য করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/এনএস