জাতিসংঘকে ব্যর্থতার দায়ে কাঠগড়ায় তুললেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রথম ভাষণেই সংস্থাটির প্রতি তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া এই বক্তব্যে তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেন এবং একে কেবল “কড়া ভাষার চিঠি লেখার সংগঠন” বলে ব্যঙ্গ করেন।
ট্রাম্প বলেন, “জাতিসংঘের কাজ আসলে কী? তারা শুধু ফাঁকা বুলি আওড়ায়, যা যুদ্ধ থামাতে পারে না।” তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘অভিবাসনের আক্রমণ’ চালাচ্ছে, যা এসব দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, এটি বিশ্বের ইতিহাসে “সবচেয়ে বড় প্রতারণা।”
৭৯ বছর বয়সী ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও নষ্ট টেলিপ্রম্পটার নিয়েও বিদ্রূপ করেন। তিনি দাবি করেন, “জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি তা হলো একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার।”
নিজের ভাষণে ট্রাম্প দাবি করেন, তিনি সাতটি যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাতের মতো বড় দুই সংকটে সাফল্য পাননি। হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে আহ্বান জানান তিনি।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে ট্রাম্প আখ্যা দেন “হামাসের বর্বরোচিত কর্মকাণ্ডকে পুরস্কৃত করা।”
রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতের বিরুদ্ধেও কড়া মন্তব্য করেন ট্রাম্প। যদিও রাশিয়ার ব্যাপারে তুলনামূলক নরম সুরে কথা বলেন তিনি। এসময় নতুন কিছু নিষেধাজ্ঞার প্রস্তুতির ইঙ্গিতও দেন।
অন্যদিকে, উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক সহযোগিতা কমাতে থাকে তবে তা বিশ্বের জন্য ধ্বংস ডেকে আনবে। তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি শক্তির আধিপত্যে চলা এক বিশ্ব চাই, নাকি আইনের শাসনে পরিচালিত বিশ্ব?”
অধিবেশনের ফাঁকে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মাইলির সরকারকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিষয়ও বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র।
অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সিক্রেট সার্ভিস জানায়, তারা এক “টেলিযোগাযোগ ষড়যন্ত্র” নস্যাৎ করেছে, যেখানে ১ লাখেরও বেশি সিমকার্ড ব্যবহার করে জাতিসংঘের আশপাশের যোগাযোগ ব্যবস্থা অচল করার পরিকল্পনা ছিল।
সূত্র: এএফপি
ভোরের আকাশ//হ.র